
বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে সানরাইজার্স হায়দরাবাদের কোট টম মুডি দেখেছিলেন সদ্য-সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে। তখন খুব কাছ থেকে মুস্তাফিজকে দেখেছিলেন টম মুডি। এর পর মুস্তাফিজ এলেন আইপিএলে, আর সেখানেই তাকে দেখলেন আরো কাছ থেকে। বোলার মুস্তাফিজ আইপিএলে তার বোলিং পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করে ফেলেছেন এরই মধ্যে। তবে শুধু একজন বোলার মুস্তাফিজের চেয়ে ‘মানুষ’ মুস্তাফিজকেই বেশি পছন্দ টম মুডির।
আইপিএল শুরুর আগেই মুডি বলেছিলেন, মুস্তাফিজের দলের সঙ্গে

খাপ খাইয়ে নিতে সমস্যা হবে না। মুডির কথা যে ঠিক, মুস্তাফিজের মাঠের পারফরম্যান্সই তো সেই কথা বলে। কাল ২ উইকেট নিয়ে গুজরাট লায়ন্সের বিপক্ষে দলকে জেতাতে বড় অবদান রেখেছেন।
সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার নিজের আগের কথাটাই মনে করিয়ে দিয়ে আবারো বললেন, মানুষ হিসেবে সে দারুণ। সে খুবই সুন্দরভাবে দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। সে বেশ মজার ছেলে।
আইপিএলে মুস্তাফিজের ইংরেজি নিয়ে শুরু থেকেই কী সব মজার গল্প চলছে। মুডি তো আছেনই, অধিনায়ক ওয়ার্নার ও মেন্টর ভিভিএস লক্ষ্মণও মুস্তাফিজের জন্য বাংলায় টুইট করেন।
কাল পুনের সঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুডি বলেন, এই ব্যাপারটা এখন বড় কিছু নয়। ওর ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে। সে ইংরেজিতে ঠিক স্বচ্ছন্দ নয়, আমরাও সেভাবে বাংলা বলতে পারি না। তবে ক্রিকেটের ভাষা সর্বজনীন, দিন শেষে আমাদের যোগাযোগ করতে তাই কোনো সমস্যা হয় না।
তিনি বলেন, তার রসবোধ দারুণ। সহজেই সবার সঙ্গে মিশে যেতে পারে। মাঠে সে যা করেছে সেটা এরই মধ্যে সবার নজর কেড়েছে। আর মাঠের বাইরে সে যা করছে সেটাও দলের জন্য দারুণ।