
চট্টগ্রামের হাটহাজারীর একটি ভোট কেন্দ্র থেকে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনিকে (২৭) অস্ত্রসহ আটক করেছে পুলিশ। একই সঙ্গে ছাত্রলীগ যুবলীগের আরও ৮ জনকে আটক করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান জানান, রনির কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। তাকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক স্কুল ভোটকেন্দ্রের সামনে থেকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) একেএম হাফিজ আক্তার বলেন, ‘রনিসহ ৯ জনকে আটকের পর হাটহাজারী থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন জানান, বেলা সাড়ে ১২টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাত নম্বর ভোটকেন্দ্র ছইল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রনিসহ ৯ জনকে আটক করা হয়। রনির কাছে অস্ত্র পাওয়া গেছে বলে জানান ওসি। রনিকে নির্বাচনে দায়িত্বরত একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আটক করেন। এরপর তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।