
ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলি বলেছেন, যত আইন-ই করা হোক বা যত বড় শাস্তির বিধান হোক ক্রিকেট থেকে ফিক্সিং একেবারেই নির্মূল করা সম্ভব নয়। কর্তৃপক্ষের পক্ষে ফিক্সিং নিয়ন্ত্রণ করাও অনেক কঠিন। এ ক্ষেত্রে খেলোয়াড়দেরই নিজ অবস্থান থেকে সৎ হতে হবে। কাঁড়ি কাঁড়ি টাকা পকেটে পোরার লোভ সামলাতে হবে।
ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘ক্রিকেটের কর্তৃপক্ষগুলো যথাসাধ্য চেষ্টা করছে খেলাটিকে পরিচ্ছন্ন রাখতে। কারও পক্ষে তো রুমে রুমে গিয়ে বলা সম্ভব না অমুকের সঙ্গে ওইভাবে কথা বলো না। তারা নিয়ম বানাতে পারে, প্রক্রিয়া ঠিক করতে পারে; এর বেশি কিছু না। শেষ পর্যন্ত প্রত্যেক খেলোয়াড়েরই ওপরই নির্ভর করে ওরা কী করবে না করবে। কেউ যদি অন্যায় কিছু করতে চায়, আপনি তাদের যতই নিয়ন্ত্রণের চেষ্টা করুন না কেন কিছু লাভ হবে না।’
তিনি বলেন, আমি কখনও এ ধরনের কিছুর মুখোমুখি হয়নি। এটা আমার সৌভাগ্য। আমি খেলাটাকে ভীষণ ভালোবাসি। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে ক্রিকেটার হিসেবে আপনার খারাপ লাগবেই। সৌভাগ্যের বিষয় হলো, আমি এখনো এর মুখোমুখি হইনি, ঈশ্বর চাইলে ভবিষ্যতেও হব না।