
শনিবার বাংলাদেশের ফুটবল ফেডাশনের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন কাজী সালাউদ্দিন। এ নিয়ে তৃতীয়বারের মতো বাফুফের প্রধান পদটি নিজের দখলে নিলেন বাংলাদেশের কিংবদন্তি এই ফুটবলার। পরাজিত করেছেন ‘বাঁচাও ফুলবল পরিষদের’ প্রার্থী সতন্ত্র সংসদ সদস্য কামরুল আশরাফ খানকে।
নির্বাচনে জয়ী হতে পেরে দারুণ খুশি সালাউদ্দিন। জানালেন, এটাই নাকি তার শেষ নির্বাচন ছিল। পুনরায় জয়ী হওয়ায় এই মেয়াদে সমাপ্ত করতে চান আগের অসমাপ্ত কাজগুলো। সালাউদ্দিন বলেন, ‘আমাকে ফের জয়ী করায় সবার কাছে কৃতজ্ঞ জ্ঞাপন করছি। কাউন্সিলররা এত নাটকের পরও আমাকেই ভোট দিয়েছেন। এই বিজয়ে তারা প্রমাণ করে দিয়েছেন যে আসলে ফুটবলই সবার চেয়ে বড় শক্তি। এই নির্বাচনে জিততে পেরে আমি দারুণ খুশি। আমি জানি, এটা আমার শেষ নির্বাচন। আমি যতদূর সম্ভব সবকিছু গুছিয়ে যাব। অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই।’
নির্বাচনী মাঠে ফোনে হুমকি-ধমকির কারণে অনুষ্ঠান করতে পারেননি সালাউদ্দিন! নির্বাচন শেষে সেই চাপ থেকে মুক্তি পেলেন এই সংগঠক। বললেন, ‘নির্বাচন নিয়ে আমি খুব চাপে ছিলাম। এখন আমি চাপমুক্ত। এমন জয়ের আনন্দই আলাদা!’