বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

প্রতিবন্ধী নারীকে হাতুড়িপেটায় গুরুতর আহত 

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 5:35 pm, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  খুলনার পাইকগাছায় পাঁচ বছর বয়সী জমজ দুই নাতনিকে মারধরের প্রতিবাদ করায় শান্তি বেগম (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে হাতুড়ি পিটায় গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।মঙ্গলবার(১৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে পাইকগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শান্তি বেগম ওই গ্রামের মৃত চান মিয়ার স্ত্রী। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পাইকগাছার জিরো পয়েন্ট এলাকায় বাস দুর্ঘটনায় একটি পা হারান শান্তি বেগম। এরপর থেকে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করছেন তিনি। ঘটনার দিন তাঁর পাঁচ বছর বয়সী জমজ দুই নাতনি জান্নাতুল ও জাকিয়া এবং প্রতিবেশী আসিফ গাজী(৩৫)র সন্তান বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে খেলাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আসিফ গাজীর স্ত্রী এসে দুই শিশুকে মারধর করেন বলে অভিযোগ পরিবারের। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে আসিফ গাজী ছুটে এসে শান্তি বেগমকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তাঁর মুখ, গাল, চোয়াল, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আহত নারীর পুত্রবধূ বিলকিস খাতুন (২৫) অভিযোগ করে বলেন, শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে তাঁর দুই মেয়েকে মারধর করা হয়। এ সময় বাড়িতে পরিবারের অন্য কেউ ছিলেন না। শাশুড়ি এর প্রতিবাদ করায় আসিফ গাজী এসে তাঁকে হাতুড়ি দিয়ে মারধর করেন। এক পা হারানো একজন প্রতিবন্ধী নারীর ওপর এমন হামলার ঘটনায় তাঁরা আতঙ্কিত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত শান্তি বেগমের জ্ঞান ফিরেছে। তবে তিনি বমি করছেন। মাথায় আঘাত থাকায় তাঁর শারীরিক অবস্থা নিশ্চিত করতে সিটি স্ক্যান করা প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে। সিটি স্ক্যান ছাড়া মাথার আঘাতের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একজন শারীরিক প্রতিবন্ধী নারীর ওপর এমন হামলার অভিযোগ এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com