
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর হামলা ও ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে যুক্তরাজ্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়, নাহিদ ইসলামের সম্মানে লন্ডনে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল সোমবার হামলা চালান আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশিদের ওপর চালানো এ হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার কারণে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সদস্যদের দ্বারা সংঘটিত এই হামলা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল।
ক্ষমতাচ্যুত শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী। ফলে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের ভেতরে কিংবা বাইরে—কোনো নাগরিকেরই গণতান্ত্রিক অধিকার চর্চা এবং রাজনৈতিক মত প্রকাশের কারণে সহিংসতা বা ভীতি প্রদর্শনের শিকার হওয়া উচিত নয়।
সরকার এ নীতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।