বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

মাসকলাইয়ে স্বপ্ন বুনছেন যমুনা চরের কৃষকরা

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
  • আপডেট সময় : 4:37 pm, সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
যমুনা নদীবেষ্টিত সিরাজগঞ্জের কৃষকরা এখন মাসকলাই চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর মাসকলাই চাষে লাভের মুখ দেখায় চলতি মৌসুমে এ ফসল চাষে কৃষকদের মাঝে অধিক আগ্রহ দেখা গেছে।
প্রতি বছরই যমুনা ভাঙনপ্রবণ কাজীপুর উপজেলায় হাজার হাজার আবাদী জমির ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা হয়ে পড়েন দিশেহারা। এ অবস্থা উত্তরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শে নদীপাড়ের উর্বর পলিমাটিতে নানা ধরনের সবজি ও ফসল চাষে নেমেছেন তারা। বিশেষ করে গত দুই বছর ধরে নদীপাড় ও দিগন্তজোড়া চরাঞ্চলে মাসকলাই চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৬ হাজার ৮৫০ হেক্টর জমিতে মাসকলাই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতোমধ্যে কৃষকরা প্রায় ৫ হাজার হেক্টর জমিতে কলাই চাষ করেছেন।
জানা গেছে, বন্যা-পরবর্তীতে পানি নেমে যাওয়ার পরপরই জুলাই-আগস্ট মাসে মাসকলাইয়ের বীজ রোপণ করা হয়। চরাঞ্চলের ছয়টি ইউনিয়নে এ ফসলের ফলন বেশি হয়।
মনসুরনগর ইউনিয়নের চাষি সবুর মিঞা জানান, চলতি বছর তিনি দুই বিঘা জমিতে মাসকলাই চাষ করেছেন। এ চাষে সার ও সেচের খরচ কম, কিন্তু লাভ বেশি। চরগিরিশের চাষি হান্নান জানান, তিনি নিজের তিন বিঘার পাশাপাশি আরও এক বিঘা বর্গা নিয়ে মাসকলাই চাষ করেছেন এবং কৃষি বিভাগ তাঁদের নিয়মিত পরামর্শ দিচ্ছে। তেকানীর চাষি জামাল উদ্দিন জানান, মাসকলাই আবাদের পর ধানের আবাদ করলে ফলন ভালো হয়। বন্যার পর ফেলে রাখা জমিতে বাড়তি আয় হিসেবে প্রতি বিঘায় ৫ থেকে ৭ মণ পর্যন্ত মাসকলাই পাওয়া যায়।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, কৃষকরা যাতে অধিক লাভবান হতে পারেন, সে জন্য কৃষি অফিস সব সময় তাঁদের পাশে আছে। উৎপাদনে উৎসাহ দিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ. কে. এম. মনজুরে মাওলা জানান, এবার কাজিপুর, চৌহালী, সিরাজগঞ্জ সদরসহ পুরো জেলায় ৬ হাজার ৮৫০ হেক্টর জমিতে মাসকলাই চাষের লক্ষ্যমাত্রা ছিল। কৃষকদের সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয়েছে। তবে অতিবৃষ্টি ও বন্যার কারণে লক্ষ্যমাত্রা কিছুটা ব্যাহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com