
বার্সেলোনা তাদের মিশরীয় ফরোয়ার্ড হামজা আব্দেলকরিমের ভবিষ্যৎ নিশ্চিত করেছে। ক্লাবটি তার সঙ্গে চুক্তি বাড়িয়ে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত করেছে।
১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ১৫ সেপ্টেম্বর ক্লাবের অফিসে বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে নতুন চুক্তিতে সই করবেন। এরপর তিনি ক্লাবের বাণিজ্যিক অফিসে সাংবাদিকদের মুখোমুখি হবেন। এক বিবৃতিতে এই কথা জানিয়েছে বার্সেলোনা।
হামজা আব্দেলকরিম মিশরের ফুটবলে যখন বেড়ে উঠছিলেন, তখন থেকেই নজর কাড়ছিলেন। গোল স্কোরিং ক্ষমতা এতটাই ভালো ছিল যে, তাকে রীতিমতো ডাকা হচ্ছিল ‘মিশরের হালান্ড’ নামে।
এরপর তিনি দ্রুত বার্সেলোনার যুব দলে জায়গা করে নেন। মন্টেকার্লোর বিরুদ্ধে ৯-০ গোলে জেতা ম্যাচে হ্যাটট্রিক করে তিনি নজর কাড়েন। এই জয়ে অনূর্ধ্ব-১৯ দল ডিভিশন দনার শিরোপা জেতে।
তার এই পারফরম্যান্সের পর ২০২৬ সালের গ্রীষ্মে বার্সেলোনা তার সঙ্গে স্থায়ী চুক্তি করে। এরপর কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতিতেও তিনি ভালো খেলেন। চার গোল করে তিনি দলের সর্বোচ্চ গোলদাতা হন। এতে মূল দলের পরিকল্পনায় তিনি নিয়মিত জায়গা পান।
গত ৩১ আগস্ট স্পোটিফাই ক্যাম্প নউয়ে রায়ো ভায়েকানোর বিরুদ্ধে আব্দেলকরিমের মূল দলে অভিষেক হয়। একাডেমি থেকে মূল দলে তার এই দ্রুত উত্থান এখন নতুন চুক্তির মাধ্যমে স্বীকৃতি পেল। এই চুক্তির ফলে তিনি ২০৩০ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থাকবেন।