
রেডিওতে সাক্ষাৎকার দিতে যাওয়ার সময় শুক্রবার তিউনিসিয়ার কর্তৃপক্ষ সাংবাদিক মোহাম্মদ ইউসফিকে আটক করেছে।
অনুষ্ঠানের উপস্থাপক ও দেশটির সাংবাদিক ইউনিয়নের প্রধান এ তথ্য জানিয়েছেন।
তিউনিসিয়ায় নাগরিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সংগঠন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সাংবাদিক, আইনজীবী, বিরোধী রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি হতে হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
অনুষ্ঠানের উপস্থাপক ওয়ালিদ বেন রুহোমা ফেসবুকে এক পোস্টে জানান, ‘আমার অতিথি, আলকাতিবা ওয়েবসাইটের প্রধান সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইউসফিকে এক্সপ্রেস এফএম রেডিওর লবির সামনে থামিয়ে দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। যারা তাকে থামিয়েছিল, তাদের কাছ থেকে জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।’
তিউনিসিয়ার সাংবাদিকদের জাতীয় ইউনিয়ন (এসএনজেটি)-এর সভাপতি জিয়াদ দাব্বার জানান, কর্তৃপক্ষের সমালোচনা করে তার করা প্রতিবেদনের কারণেই ইউসফিকে আটক করা হয়েছে বলে তিনি মনে করেন।
আলকাতিবা তিউনিসিয়ার একটি স্বাধীন গণমাধ্যম। অনুসন্ধানী সাংবাদিকতা এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য এটি পরিচিত।
দাব্বার এএফপিকে বলেন, রেডিও অনুষ্ঠানে ইউসফির তিউনিসিয়ার পানি সংকট নিয়ে আলোচনা করার কথা ছিল।
তিউনিসিয়ায় আগের কয়েকটি গ্রীষ্মেও বিভিন্ন এলাকায় পানির সরবরাহ বন্ধ ছিল। তবে এ বছর বোতলজাত পানির সংকটের পাশাপাশি দেশের অনেক বিস্তীর্ণ এলাকায় পানির সরবরাহ বন্ধের ঘটনা ছড়িয়ে পড়েছে।
ইউসফিকে আটকের ঘটনা এমন একাধিক ঘটনার পর ঘটল, যেগুলোকে মানবাধিকার সংগঠন ও সাংবাদিক ইউনিয়ন তিউনিসিয়ায় জনসাধারণের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হওয়ার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাজনৈতিকভাবে স্পর্শকাতর ও নাগরিক অধিকারসংক্রান্ত মামলায় আইনজীবী হিসেবে পরিচিত গাজি ম্রাবেতকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মাদক পাচারের অভিযোগকে কেন্দ্র করে মামলাটি হয়েছে। তবে ঘটনাটির প্রকৃত পরিস্থিতি নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে।