রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেলের উপর বসে থাকা গৃহবধুর হাতের ভ্যানেটি ব্যাগ টান দিয়ে সড়কের উপর ফেলে ১৮ লক্ষাধিক টাকার স্বর্ণ ও রুপার গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুঞ্চি গ্রামের মৃত মোহাম্মদ ফকর উদ্দিনের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ উল্লাহ।
ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ উল্লাহ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমার স্ত্রী মোছাঃ শারমিন আক্তার (৩০) কে মোটরসাইকেলের পিছনে বসিয়ে শশুরবাড়ী রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় যাচ্ছিলাম। পথিমধ্যে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে স্প্রিড বেকার অতিক্রম করার সময় মোটরসাইকেল যোগে ২জন ছিনতাইকারী আসে। কোন কিছু বুঝে উঠার আগেই আমার পিছনে বসা স্ত্রীর হাতে থাকা ভ্যানেটি বাগ টান দিয়ে নিয়ে যায়। এসময় স্ত্রী সড়কের উপর পড়ে মারাত্বক আহত হয়। এসময় ভ্যানেটি ব্যাগে থাকা স্যামসাং গ্যালাক্সী ফোন, ২টি স্বর্ণের ব্রেসলেট, ৩ জোড়া কানের দুল, ৩টি আংটি, ২টি লকেটসহ চেইন, ১টি টিকলী, ১ জোড়া হাতের রুলি, রুপার ১ জোড়া নুপুর, ১ জোড়া রুপার বালা, নগদ ২৫শত টাকা, একটি হাত ঘড়ি, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। ব্যাগে থাকা ৮ভরি র্স্বণালংকার, ৪ ভরি রুপার অলংকারসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল ছিল।
তিনি আরও বলেন, আমার চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে আসতে তাদের সহায়তায় স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। পরে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।