
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী ও চট্টগ্রামে কবির আগমনের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে তিনটি প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নজরুল গবেষণা কেন্দ্র।
আজ বৃহস্পতিবার সকালে চবির নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নজরুল গবেষণা কেন্দ্রে নাম জমা দিতে বলা হয়েছে।
আর আগামী ৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের ৩০০১ নম্বর কক্ষে (তৃতীয় তলা) প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজিত প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে নজরুলগীতি, নজরুল কুইজ এবং নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি।
আবৃত্তি প্রতিযোগিতার জন্য ‘বিদ্রোহী’, ‘প্রলয়োল্লাস’, ‘ধূমকেতু’, ‘সাম্যবাদী’, ‘মোহররম’, ‘শাত-ইল-আরব’, ‘খেয়াপারের তরণী’, ‘অগ্নিবীণা’, ‘কুলি-মজুর’ ও ‘রক্তাম্বর-ধারিণী মা’ কবিতাগুলো নির্ধারণ করা হয়।
নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। নজরুলের সাহিত্য ও চিন্তাধারাকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নাম, বিভাগ ও সেশনসহ প্রয়োজনীয় তথ্য নজরুল গবেষণা কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।