
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামে মাদকের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছেন এলাকাবাসী। শুক্রবার, (১৯ জুন) বিকেলে স্থানীয়রা অভিযান চালিয়ে মাদকসহ হাতে-নাতে ৩ জনকে আটক করে মৃগী ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেন। আটকৃতরা হলেন – বথুনদিয়া গ্রামের সালাম মন্ডলের ছেলে আলামিন ও দেওয়ালী গ্রামের সুমন মোল্লা এবং শিকজান গ্রামের মাদকের ডিলার জালাল মন্ডলের ছেলে সুয়াত মন্ডল। এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এই চক্রটি শিকজান ও আশপাশের গ্রামে মাদক ছড়িয়ে যুবসমাজকে বিপথগামী করছিল। বারবার সতর্ক করার পরও তারা অবৈধ কার্যক্রম বন্ধ না করায় ক্ষুব্ধ জনতা তাদের ধরে ফেলে। পরবর্তীতে আটকৃতদের মৃগী ফাঁড়ি পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের ছেলেপেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের আর ছাড় দেওয়া হবে না। প্রশাসনের কাছে দাবি, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এলাকাবাসীর দাবি, মাদক ডিলারদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনকে আরও তৎপর হতে হবে।