
রাজবাড়ীর কালুখালী উপজেলায় হাওলাতি টাকার বিরোধকে কেন্দ্র করে জামায়াত ইসলামীর কর্মী আসাদুল ইসলাম (২২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত আসাদুল ইসলাম উপজেলার বিল মানুষমারী গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালুখালী উপজেলার মদাপুর গ্রামের কাউসার শেখের ছেলে মোঃ মিজান শেখ (২৪) পশ্চিম রতনদিয়া গ্রামের আসমত মন্ডলের ছেলে মো. আনোয়ার মন্ডল (৪৪) এবং সূর্যদিয়া গ্রামের শাহাজউদ্দিনের ছেলে মোঃ আব্দুল করিম মোল্লা (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কালুখালী থানার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের একটি মাদ্রাসার পেছনের পাটক্ষেত থেকে আসাদুল ইসলামের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় নিহতের বাবা শাহজাহান মন্ডল বাদী হয়ে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর কালুখালী থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তদন্ত শুরু করে।
তদন্তে পুলিশ জানতে পারে, প্রায় চার মাস আগে আসাদুল ইসলাম গ্রেপ্তারকৃত মিজান শেখের কাছ থেকে ৬৮ হাজার টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময়ে সেই টাকা পরিশোধ করতে না পারায় দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে পূর্বপরিকল্পিতভাবে মিজান শেখ ও তার সহযোগীরা আসাদুলকে হত্যা করে এবং ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মরদেহে আগুন ধরিয়ে দেয় বলে তদন্তে উঠে আসে।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকারের নেতৃত্বে কালুখালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম ১৬ জুন মঙ্গলবার যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামসুল হক জানান, গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া মামলার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, প্রধান আসামি মোঃ মিজান শেখ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি রক্তমাখা হেলমেট, একটি এসএস পাইপ (রড) এবং একটি লোহার ফোল্ডিং স্টিক উদ্ধার করা হয়েছে। এসব আলামত জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।