
শ্রদ্ধা নিবেদন, মিলাদ দোয়া ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণসহ নানা ভাবে
আয়োজনে পালন করা হয়েছে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সাবেক মুখপাত্র, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ৬ বারের সাবেক জাতীয় সংসদ সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম ২০২০ সালের ১৩ জুন মারা যান। ১৩ জুন (শনিবার) মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় রাজনৈতিক সংগঠন মোহাম্মদ নাসিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া তার জন্মস্থান সিরাজগঞ্জের কাজিপুরে পালন করা হয়।
১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জের কুড়িপাড়া গ্ৰামে জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও মা মোসাম্মাৎ আমেনা মনসুরের ঘরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ নাসিম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম মনসুর আলী স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।
আর তার সন্তান মোহাম্মদ নাসিম ছিলেন শেখ হাসিনার আস্থাভাজন। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। পিতার মতো তিনিও সাহসী, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল, ত্যাগী ও রাজপথের একজন সাহসী যোদ্ধা ছিলেন। #