
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের মোবাইল কোর্টের অভিযানে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভাই ভাই ফিলিং স্টেশন ও মা মিষ্টান্ন ভান্ডারকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (০৮ জুন) রাজবাড়ী জেলা প্রশাসন ও বিএসটিআই, ফরিদপুরের যৌথ অভিযানে রাজবাড়ী জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়। আদালতে বালিয়াকান্দি ভাই ভাই ফিলিং স্টেশনের ডিজেল-২ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার পরিমাপে ৫২০ মিঃলিঃ কম পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়। মা মিষ্টান্ন ভান্ডারের উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ ও মিথ্যা তথ্য প্রদান করায় ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আনন্দ বেকারীর ব্রেড, বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে নির্দেশ প্রদান করা হয় এবং লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ না করার জন্য নির্দেশ করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান। এ সময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, ফরিদপুর পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান ও ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ সাব্বির হোসেন পুলক। জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।