কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আলুভর্তি একটি পিকআপ ভ্যান থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে রাজারহাট থানা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে উপজেলার ছিনাই গেট এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আলুভর্তি একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ ওই এলাকায় নজরদারি জোরদার করে। এ সময় ‘রাজারহাট উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’র ছিনাই ইউনিয়ন শাখার সদস্য আব্দুর রশিদ আলুর বস্তার ভেতরে গাঁজা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটি ঘিরে ফেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক আলুর বস্তা ও গাঁজা রেখে কৌশলে পালিয়ে যায়।
পরে পুলিশ তল্লাশি চালিয়ে আলুর বস্তার ভেতরে লুকিয়ে রাখা প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করে এবং পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আলুভর্তি পিকআপ ভ্যান থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক চালকসহ এ চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।