শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নির্বাচনকালীন সময়ে সহায়তা করবে সরকার।
আজ (শনিবার) সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বিজ্ঞান ক্লাব আয়োজিত গণিত প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, রাজনৈতিক দলগুলোর শিষ্টাচার বজায় রেখে, সুষ্ঠু রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য সে রকম আচরণ করা উচিৎ।
মন্ত্রী জানান, করোনাকালে ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিপুরণের জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে এবং দ্রুতই তা দেয়া হবে। এছাড়াও, আমাদের ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের খরচ বর্তমানে বেশী। তাই খরচ কমাতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।
অনুষ্ঠানে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।