
সিরাজগঞ্জ থেকে টি এম কামাল : সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক (৩৫) হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সিরাজগঞ্জ শহরে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের এসএস রোড, মুজিব সড়ক ও খলিফা পট্রিতে এই মানব-বন্ধন অনুষ্ঠিত হয়। মানব-বন্ধনে জেলা ছাত্রলীগ, যুবলীগীগের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় শত শত নারী পুরুষ অংশ নেয়। মানব-বন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আকতারুজ্জামান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র গোলাম মোস্তফা, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বেলাল, নিহত আব্দুল মালেকের বড় ভাই আবু মুছা প্রমুখ।
প্রসঙ্গত, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ২৯ অক্টোবর ছাত্রলীগ নেতা আব্দুল মালেককে কুপিয়ে হত্যা করে শহরের জানপুর মহল্লার সুমন, নজরুলসহ কয়েকজন যুবক। এঘটনায় নিহতের বড় ভাই আবু মুছা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। আসামীদের গ্রেফতারের দাবীতে আজ শনিবার এই মানব-বন্ধন অনুষ্ঠিত হয়।