
কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা হয়েছে। প্রধানমন্ত্রীর যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ করায় তার বিরুদ্ধে এ মানহানির মামলাটি করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে এ মামলা করেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি শরিফুল আলম চৌধুরী। বিচারক মামলাটি তদন্ত করে আগামী ২ জুনের মধ্যে প্রতিবেদন দিতে কুমিল্লা জেলার তথ্য কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী এসটি আহমেদ ফয়সাল জানান, খালেদা জিয়া প্রধানমন্ত্রীর যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ করেন।
এ ঘটনায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি শরিফুল আলম চৌধুরী খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা করেছেন বলেও জানান এসটি আহমেদ ফয়সাল।
উল্লেখ্য, মে দিবসের এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালতে এক মামলার রায় নিয়ে এখন আমাদের দেশে ব্যাপক আলোচনা চলছে। কী সে মামলা? এফবিআইয়ের (মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা) একজন এজেন্টকে ঘুষ দিয়ে এক প্রবাসী বাংলাদেশি তরুণ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর পুত্রের ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করেছিল। সেই মামলার নথিতেই আছে, প্রধানমন্ত্রীর পুত্রের একটি অ্যাকাউন্টেই আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ তিনশো মিলিয়ন ডলার জমা আছে।’
বিএনপি চেয়ারপারসন প্রশ্ন রেখে বলেন, ‘ওই অ্যাকাউন্টে এই টাকা কোথা থেকে গেছে? এই টাকার উৎস কী? এভাবে তাদের আরো কতো টাকা আছে, বাংলাদেশের মানুষ তা জানতে চায়?’
পরদিন বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের প্রতিক্রিয়ায় সজীব ওয়াজেদ জয় ফেসবুকে লিখেছেন, ‘ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই।’