শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:47 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

কুষ্টিয়ার সদর উপজেলার আলামপুর ইউনিয়নে নির্বাচন সহিংসতায় লাল্টু মোল্লা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজনের ভাষ্য। আগামী ৭ মে চতুর্থ ধাপে ওই ইউনিয়নে নির্বাচন হবার কথা রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে আলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাসের লোকজন হঠাৎ করেই স্বতন্ত্র প্রার্থী শেখ সিরাজ উদ্দিনের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার জের ধরে দুই চেয়ারম্যান প্রার্থীর লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় সিরাজ চেয়ারম্যানের সমর্থক লাল্টু মোল্লাসহ অন্ততপক্ষে ১৫ জন আহত হন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাল্টু মোল্লাকে মৃত ঘোষণা করেন। লাল্টু মোল্লার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।

পরে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিহতের পরিবার ওই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাসকে দায়ী করেছে। এদিকে আক্তারুজ্জামানের মোবাইলে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক ওবাইদুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

লাল্টু মোল্লা দহকুলা গ্রামের সোহরাব মোল্লার ছেলে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com