শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

‘বিএনপি-জামায়াতের ছাতার তলেই জঙ্গিদের আস্তানা’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:39 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

সম্প্রতি বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় সরকারকে বিএনপি অভিযুক্ত করার পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি-জামায়াতের ছাতার’ নিচেই গুপ্তহত্যাকারী ও জঙ্গিদের আস্তানা।

শুক্রবার কুষ্টিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, জঙ্গিদের সঙ্গে নিজেদের ‘সম্পর্ক আড়াল করতেই’ বিএনপি এসব ‘অপ্রচার’ চালাচ্ছে।

তিনি বলেন, ‘সরকার সারাদেশে মানুষের জানমালের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। কিন্তু দেশে এখনও কিছু ‘ছিঁটেফোটা’ গুপ্তহত্যা ও অতর্কিত হামলার ঘটনা চলছে। যারা এর আশ্রয় নিচ্ছে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। বিএনপি-জামায়াতের ছাতার তলেই এসব গুপ্তহত্যাকারী ও জঙ্গিদের আস্তানা।

বাংলাদেশে মুক্তমনা লেখক, ব্লগার, শিক্ষক, অনলাইন অ্যাকটিভিস্ট, মসজিদের ইমাম, পুরোহিত, পাদ্রীসহ ভিন্ন মতাবলম্বীদের ধারাবাহিক হত্যাকাণ্ডের সর্বশেষ শিকার সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়। গত সোমবার রাজধানীর কলাবাগানে বাড়িতে ঢুকে তাদের কুপিয়ে হত্যা করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার বক্তৃতায়, বিএনপি চেয়ারপারসন বিবৃতি দিয়ে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেন, সরকারের ইন্ধনেই এসব ঘটনা ঘটছে।

এদিকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে বিভিন্ন সময় এসব গুপ্তহত্যার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন।

খালেদা জিয়া ও জামায়াতে ইসলামী ‘জঙ্গিদের সঙ্গে সর্ম্পকচ্ছেদ’ না করা পর্যন্ত গুপ্তহত্যার ঘটনায় তাদের ‘সন্দেহের চোখে দেখা হবে’ বলেও মন্তব্য করেন ইনু।

তথ্যমন্ত্রী বলেন, সব হত্যাকাণ্ডেরই তদন্ত চলছে; সরকার খুনিদের ‘এক চুলও’ ছাড় দেবে না।

তিনি বলেন, বেশিরভাগ মামলায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সুতরাং যারা বলছেন সরকার জঙ্গি ও গুপ্তহত্যাকারীদের ব্যাপারে উদাসীন, এই কথা সত্যি নয়। সরকার এতো কঠোর যে তারা পিছু হঠতে বাধ্য হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন এ সময় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com