বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শ্রমিক আন্দোলনে ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ ১১২ কারখানা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : 5:32 pm, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সাভারে আল মুসলিম গার্মেন্টসের সামনে শ্রমিবরা জড়ো হয়। ছবি- সিএনআই নিউজ

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও স্বাভাবিক হয়নি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ। বুধবার (১৮ নভেম্বর) সকালে নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে হাজিরা দিলেও কিছুক্ষণ পরই কাজ বন্ধ রেখে বিক্ষোভে নামেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে হেমায়েতপুর, উলাইল, জামগড়া, নরসিংহপুর, বেরন ও জিরাবোসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

শ্রমিক অসন্তোষের জেরে বুধবার সন্ধ্যা পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আটটি কারখানায় এবং শ্রমিক অসন্তোষের কারণে আরো ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সব মিলিয়ে শিল্পাঞ্চলে বন্ধ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১১২টিতে। একই সঙ্গে শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল থেকে আশুলিয়ার বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও সাভারের হেমায়েতপুরসহ বিভিন্ন এলাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সকাল ৯টার পর কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বাইরে বেরিয়ে আসেন।
পরে তারা আশপাশের কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে অন্য শ্রমিকদেরও বেরিয়ে আসার আহ্বান জানান। একপর্যায়ে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে মিছিল নিয়ে হেমায়েতপুর-সিংগাইর সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের কারখানার শ্রমিকদেরও বাইরে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিক্ষোভ করেন তারা। অন্যদিকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরাও কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন।
জামগড়া ও নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার সামনে শ্রমিকদের জড়ো হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এদিকে বিকেলে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আল মুসলিম গার্মেন্টসের শ্রমিকরা। পরে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে বেশকিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

অন্যদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় এমকে অ্যাপারেলস কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানাটির প্রধান ফটক, অভ্যর্থনাকক্ষের কাচ ও একটি গাড়ির সামনের কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এ ছাড়া জিরাবো এলাকাতেও শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছিলেন। পরে কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

গ্রেপ্তার তিন শ্রমিক নেতা

এদিকে শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে হুমায়ুন কবির নামে এক শ্রমিক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকায় আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য প্রয়াত হাজী মকবুল হোসেনের বাসা থেকে মোছাম্মৎ সুলতানা বেগম ও মো. ইলিয়াস (৫১) নামে আরো দুই শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইলিয়াস এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন মোটর চালক শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, লিফলেটসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগতও যোগ দিয়েছেন। পাশাপাশি মজুরি বোর্ডের সিদ্ধান্ত কবে আসবে, তা নিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে শ্রমিকের ছদ্মবেশে কেউ অরাজকতা, অস্থিতিশীল পরিস্থিতি কিংবা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে বুধবার সন্ধ্যা পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আটটি কারখানায় এবং শ্রমিক অসন্তোষের কারণে আরো ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, এপিবিএন (এসআরবি) ও বিজিবি সদস্যরা।

টানা কয়েক দিন উত্তেজনার পর বুধবারও নতুন করে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখন মজুরি বোর্ডের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন শ্রমিক ও মালিকপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com