
পোশাক কারখানায় চলমান আন্দোলনে আজ সকালে ঢাকার সাভারের হেমায়েতপুর, উলাইল ও পদ্মার মোড়ে ঢাকা-আরিচা মহাসড়ক ও হেমায়েতপুর সিংগাইর মহাসড়কে দফায় দফায় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে সাভার মডেল থানার ওসি সহ প্রায় ৫ পুলিশ সদস্য ও তিন সংবাদকর্মী আহত হয়েছেন।
বর্তমানে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে অবস্থান করায় মহাসড়কের উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। মহাসড়কে আটকে আছে দূরপাল্লা ও স্থানীয় পরিবহনগুলো।
জানাগেছে, আজ সকালে পোশাক কারখানায় কাজে যোগ না দিয়ে হেমায়েতপুরের কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। এ সময় তারা নুন্যতম মজুরীর দাবিতে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করে। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে হেমায়েতপুরের পদ্মার মোড়ে পুলিশের গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।
সংঘর্ষ ঠেকাতে গিয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম সহ প্রায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে দায়িত্ব পালন করতে গিয়ে শ্রমিকদের হামলার শিকার হয়ে আহত হয়েছেন বেসরকারী টেলিভিশন চ্যানেলের তিন সংবাদকর্মী। তারা হচ্ছেন, আহমেদ সোহান সিরাজী, রায়হান ও উজ্জল হোসেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।