সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে ইমরান খানের জরুরি চিকিৎসা প্রয়োজন ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন কাজীপুরে যমুনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার  রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার ও বিচারকে প্রাধান্য দিতে হবে পলাতক আসামিদের প্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদেছিলেন অভিনেত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা

হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে ইমরান খানের জরুরি চিকিৎসা প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 4:01 pm, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক সতর্ক করে বলেছেন, হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে আগামী কয়েক দিনের মধ্যেই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওই চিকিৎসকের দাবি, ইমরান খান বর্তমানে নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপে ভুগছেন।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। গত সোমবার দেশটির শীর্ষ বিচারকদের কাছে লেখা এক খোলা চিঠিতে তিনি জানিয়েছেন, জরুরি চিকিৎসার ব্যবস্থা না করা হলে কারাগার থেকে হয়তো আর জীবিত ফিরতে পারবেন না। ইমরান খানের ৩০ বছরেরও বেশি সময়ের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়।

তিনি সতর্ক করে বলেছেন, চিকিৎসা নিতে দেরি হলে ইমরান খান গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
৭৪ বছর বয়সী ইমরান খানকে ২০২৩ সালের আগস্টে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেপ্তারের পর থেকে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ১ দশমিক ৮ মিটার বাই ২ দশমিক ৪ মিটার আয়তনের একটি ছোট কক্ষে বন্দি রয়েছেন।

ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-কে বলেন, তার কোনো রোগীর রক্তচাপ এত বেশি হলে তিনি ওই রোগীকে আজ অথবা আগামীকালের মধ্যেই একজন অভিজ্ঞ কিডনি বা হৃদরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতেন।
তার মতে, কয়েক দিনের মধ্যেই ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণে আনা জরুরি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকলে কিডনি ও হৃদযন্ত্রের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে হৃদযন্ত্রকে স্বাভাবিকের চেয়ে বেশি চাপ নিয়ে কাজ করতে হয়। এতে হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এ ছাড়া উচ্চ রক্তচাপের কারণে চোখের রেটিনাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
চিকিৎসকদের মূল উদ্বেগ হলো, দীর্ঘদিন উচ্চ রক্তচাপের ফলে শরীরের এসব গুরুত্বপূর্ণ অঙ্গের স্থায়ী ক্ষতি হতে পারে।

গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে ইমরান খান দাবি করেন, তার ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি তিনি অত্যন্ত উচ্চ রক্তচাপে ভুগছেন বলেও জানান।

ইমরান খানের দাবি, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। এ সময় ইমরান খানকে প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত একা থাকতে হয়। ওই দিনই তার ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার মধ্যে একটিতে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ডা. ফয়সাল সুলতান করোনাভাইরাস মহামারির সময় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সরকারের চিকিৎসা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইমরান খানের প্রতিষ্ঠিত হাসপাতাল নেটওয়ার্ক ‘শওকত খানুম মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইমরান খানের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ডা. সুলতান বলেন, দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকলে তা মারাত্মক স্বাস্থ্যসমস্যা তৈরি করতে পারে। এর ফলে হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং হৃদপেশি অস্বাভাবিকভাবে বড় হয়ে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে ‘হাইপারট্রফি’ বলা হয়। তিনি আরো বলেন, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর বড় ধরনের ক্ষতি এড়াতে দ্রুত রক্তচাপ নিয়ন্ত্রণে আনা জরুরি।

এর আগে গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, ইমরান খানকে যেন একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার নিরপেক্ষ মূল্যায়ন করার কথা ছিল। এর আগে তার আইনজীবীরা স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ডা. সুলতান হাসপাতালে ইমরান খানের জন্য অপেক্ষা করছিলেন। তবে তাকে সেখানে না নিয়ে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তিনি কারাগারে ফিরে যাওয়ার মতো শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

ইমরান খানের স্বাস্থ্যগত সমস্যার পেছনে দীর্ঘদিনের একাকিত্বও ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান। তিনি পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ইমরানের সঙ্গে সরাসরি দেখা করার অনুমতি চেয়েছেন।

ডা. সুলতান বলেন, সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকা তার রক্তচাপজনিত সমস্যার অন্যতম কারণ হতে পারে। তিনি বলেন, ‘আমি অবশ্যই তার সঙ্গে দেখা করতে চাই।’

কারাগারে ইমরান খানের সঙ্গে আচরণ নিয়ে সমর্থকেরা বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। গত সেপ্টেম্বরে তাঁর ছেলেরাও সতর্ক করে বলেছিলেন, পাকিস্তানের সাবেক এই ক্রিকেট অধিনায়কের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক জ্যেষ্ঠ নেতা সৈয়দ জুলফি বুখারি বলেন, ইমরান খানকে যেসব চিকিৎসক পরীক্ষা করেছেন, তাদের সবাই সরকারের নির্দেশে দায়িত্ব পালন করেছেন। কিন্তু কেউই তার রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারেননি কিংবা তার শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি।

তিনি আরো বলেন, এখনই ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকদের তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া জরুরি। এতে ইমরান খানের শারীরিক অবস্থা ভালোভাবে বুঝতে পারবেন এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসা ও পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। তার মতে, চিকিৎসায় আরও দেরি হলে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com