
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে দশটায় সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সোনামুখী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ দিদারুল আহসান। ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।
প্রশাসক ডাঃ দিদারুল আহসান বলেন, ‘পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি অঞ্চলে সবুজায়নের লক্ষ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এটি পরিবেশ ও মানবতার কল্যাণে একটি জাতীয় দায়িত্ব। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে।’
এসময় উপস্থিত ছিলেন, সোনামুখী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইতি রাণী সরকার, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মামুন অর রশিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। #