মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

রুপালি পর্দায় ফিরছেন ক্যাটরিনা, আলোচনায় ‘চাঁদনি বার’ সিক্যুয়েল

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : 6:50 pm, সোমবার, ১৫ জুন, ২০২৬

 

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরতে পারেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ এর পর তাকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। তাই তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন ভক্তরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে বলিউডে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০০১ সালের আলোচিত চলচ্চিত্র ‘চাঁদনি বার’ এর সম্ভাব্য সিক্যুয়েলে অভিনয়ের বিষয়ে ক্যাটরিনার সঙ্গে আলোচনা চলছে। ছবিটি পরিচালনা করতে পারেন নির্মাতা অজয় বহল। একইসঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য টাবুর নামও শোনা যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

জানা গেছে, নতুন ছবির গল্পেও সমাজের প্রান্তিক মানুষের জীবন, বিশেষ করে যৌনপল্লির নারীদের সংগ্রাম ও অপরাধচক্রের বাস্তবতা উঠে আসতে পারে। তবে কাহিনি ও চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।

বর্তমানে নতুন নতুন চিত্রনাট্য পড়ছেন এবং খুব ভেবেচিন্তে পরবর্তী কাজ বেছে নিতে চাইছেন ক্যাটরিনা। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন ক্যাটরিনা। ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কুশলকে বিয়ে করেন তিনি। গত বছরের নভেম্বরে তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান। পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে বিহান।

উল্লেখ্য, মধুর ভান্ডারকর পরিচালিত ‘চাঁদনি বার’ মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। টাবু ও অতুল কুলকার্নির অভিনয়ে সমৃদ্ধ ছবিটি বলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ সমাজবাস্তবধর্মী চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ধুম থ্রি’, ‘এক থা টাইগার’, ‘ব্যাং ব্যাং’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘ওয়েলকাম’ এবং ‘আজব প্রেম কি গজব কাহানি’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে বলিউডের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন ক্যাটরিনা।

এখন ভক্তদের একটাই প্রশ্ন—‘চাঁদনি বার’-এর নতুন অধ্যায়ে সত্যিই কি দেখা যাবে ক্যাটরিনা কাইফকে?

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com