
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয় এ কর্মসূচি থেকে।
শনিবার (১৩ জুন) বিকালে রাজধানীর কাকরাইল মোড় থেকে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে এ মিছিলটি বের হয়। মিছিলটি পল্টন ও কাকরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণ ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যেই এ বাজেট পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।
মিছিলে আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল, শফিউদ্দিন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ, নাসিমা আক্তার শিমু, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।