ভারতের ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা নির্বিঘ্ন করতে গতকাল রোববার সকাল ৬টা থেকে আন্তর্জাতিক সীমান্তে মানুষ ও যানবাহন চলাচল বন্ধ করেছে ভারতীয় প্রশাসন। এর প্রভাব পড়েছে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে। যেখানে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব এবং জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্রী সন্দীপ কুমার ঘোষ স্বাক্ষরিত পৃথক নির্দেশনায় জানানো হয়, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত দিয়ে বাংলাদেশে যাতায়াত বন্ধ থাকবে। চ্যাংড়াবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এই তথ্য বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে অবহিত করে।
তবে জরুরি চিকিৎসা, বৈধ ভ্রমণ এবং পচনশীল পণ্য পরিবহনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে চলাচলের অনুমতি রাখা হয়েছে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ জানান, ৩ ও ৪ মে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এবং ৫ মে থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান বাসস’কে বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমসের অভ্যন্তরীণ কার্যক্রম চালু রয়েছে।