হাম-রুবেলা নির্মূল ও নিয়ন্ত্রণে রাখতে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ এর আওতায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৩৭,৫৯২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন সফল করতে সরকারি প্রাথমিক ও কেজি স্কুলের শিক্ষকদের নিয়ে উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সহযোগিতায় ছিল Gavi, The Vaccine Alliance ও World Health Organization, Bangladesh। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এবারের ক্যাম্পেইনে উপজেলায় মোট ৩৭,৫৯২ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ৩১,১৮৮ জন এবং স্কুল পর্যায়ে ৬,৪০৪ জন শিশুকে ১ ডোজ এমআর টিকা দেওয়া হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে।
প্রধান অতিথি ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “শিশুদের সুরক্ষায় এই টিকা অত্যন্ত জরুরি। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে সেজন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে।” সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাসেল বলেন, “টিকা সম্পূর্ণ নিরাপদ। শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে অস্থায়ী কেন্দ্র করে টিকা দেওয়া হবে। গুজবে কান দেওয়া যাবে না।”
স্বাস্থ্য সহকারী পরিদর্শক ইনচার্জ শরিফুল ইসলাম মজনু ক্যাম্পেইনের কৌশল, প্রতিবেদন তৈরি ও AEFI ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন
ওরিয়েন্টেশনে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশ নেন।