সাভারে একটি সুতা তৈরির কারখানায় সন্ত্রাসীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত: আরো ৩০ জন।
বুধবার রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানায় এঘটনা ঘটে। গুলিবর্ষনের ঘটনায় ওই কারখানায় চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, নানা অনিয়মের অভিযোগে ১৭ আগষ্ট কারখানার চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আনিসুর রহমানকে সকল পাওনাদি বুঝিয়ে দিয়ে চাকুরিচ্যুত করেন কর্তৃপক্ষ। পরে রাতে সাবেক চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আনিসুর রহমান একটি মাইক্রোবাসে করে প্রায় ১৭ জন সন্ত্রাসী নিয়ে কারখানায় প্রবেশ করে এবং সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখেন। এসময় কারখানার ফ্লোর ইনচার্জ রিপন, ড্রাইভার রফিক ও জাহাঙ্গীর চিৎকার ও চেচামেচি করলে সন্ত্রাসীরা তাদেরকে এলোপাথারী ভাবে গুলি করে। এ সময় অন্যান্য শ্রমিকদের পিটিয়ে গুরুতর আহত করে তারা।
পরে স্থানীয়রা গুলির শব্দ শুনে সাভার মডেল থানা, শিল্প পুলিশ ও র্যাবকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসী ও কারখানার সাবেক চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আনিসুর রহমানকে আটক করেন। এসময় সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। পরে কারখানা কর্তৃপক্ষ গুলিবিদ্ধসহ আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেছে। এদিকে কারখানার শ্রমিকদের এলোপাথারী পিটুনিতে কয়েকজন সন্ত্রাসীও গুরুতর আহত হয়েছে।
এবিষয়ে কারখানার বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমডি সারোয়ার হোসেন বলেন,আগের চেয়ারম্যানকে চাকুরিচ্যুত করা হয়েছে। এরপর কেন তিনি সন্ত্রাসীদের নিয়ে এসেছেন বিষয়টি আমরা বুঝতে পারছি না।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। #