সাভারে পৃথক দুই পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। দুপুরে সাভারের উলাইলের কর্ণপাড়া ও হেমায়েতপুরের কাঁঠালতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,উলাইলের কর্ণপাড়া এলাকার আল ইসলাম গার্মেন্টস এর এক নারী শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে পাঁচ বছর ধরে ধর্ষণ করে আসছিলেন ওই গার্মেন্টস এর লাইন চীফ জসিম উদ্দিন (৩৬)। পরে ওই শ্রমিক বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করবে না বলে হুমকি ধামকি দিলে রাতে ওই শ্রমিক জসিম উদ্দিনকে প্রধান আসামী করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে ভুক্তভোগী। পুলিশ দুপুরে ওই গার্মেন্টস এর সামনে থেকে অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্র জানায়, জসিমের আগেও দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার বাড়ি শরিয়তপুরে। সে সাভারের সাধাপুরে জমি কিনে বাড়ি করে বসবাস করে আসছিল।
অপরদিকে সাভারের হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকার অবনি নীট ওয়ার গার্মেন্টস এর এক নারী শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে পাঁচ মাস ধরে ধর্ষণ করে আসছিল মারুফ হোসেন (২৫) নামের এক যুবক। পরে রাতে অভিযুক্ত মারুফ হোসেনকে প্রধান আসামী করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ দুপুরে কাঁঠালতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। মারুফ রংপুর জেলার পীরগঞ্জ থানার বেরাবপুরের মকবুল মিয়ার ছেলে।
ধর্ষণের শিকার দুই নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ।
এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান,অভিযুক্তদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। #