
ক্রিকেটারদের ব্যাট নিয়ে আদিখ্যেতা নতুন কোন ব্যাপার নয়। এমনকি কেউ কেউ নিজেদের ব্যাটের জন্য আদুরে কিছু নামও রাখেন। এই যেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের দলপতি গৌতম গম্ভীর।
জানেন, গম্ভীরের ব্যাটের নাম কি? যে ব্যাট নিয়ে এবারের আইপিএলে তিনি রানের পর রান করে চলেছেন, সেই ব্যাটের নাম অনেকেই জানেন না। তবে, সেটা নিয়ে খুব একটা রাখঢাক করছেন না স্বয়ং গম্ভীর।
জানিয়ে দিয়েছেন তার প্রিয় ব্যাটের নাম। বলেছেন তার নামকরণের কারণও। গম্ভীরের প্রিয় ব্যাটের নাম ‘রকি ব্যালবোয়া’।
সবাই জানেন, ‘রকি ব্যালবোয়া’র মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিলভেস্টার স্ট্যালোন। আর কলকাতার অধিনায়কের চোখে ‘হিরো’ স্ট্যালোন, নায়ক রকি ব্যালবোয়া।
ছোটবেলা থেকেই স্ট্যালোনের ‘রকি’ দেখে বড় হয়েছেন গম্ভীর। স্ট্যালোনের ‘রকি’ অনুপ্রাণিত করে গম্ভীরকে। ভিতরে ভিতরে গম্ভীর অনুপ্রাণিত হন। তাই নিজের অন্যান্য ব্যাটগুলোর নাম দিয়েছেন রকি ওয়ান, রকি টু। আর ম্যাচ-ব্যাটের নাম রেখেছেন রকি ব্যালবোয়া।
এই রকি বালবোয়া ব্যাট নিয়েই আইপিএলে খেলতে নামছেন গম্ভীর। আর তাতে যে তিনি বেশ ভাল ভাবেই বোলারদের রাতের ঘুম কেড়ে নিতে পেরেছেন সেটা না বলে দিলেও চলে।