
বগুড়ায় ঘোড়াধাপ এলাকায় মিঠু মিয়া (৪৫) নামের এক রিকশাচালক যাত্রীবেশী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। নিহত রিকশাচালক মিঠু গাবতলী থানার কৃঞ্চচন্দ্রপুর গ্রামের সায়েদ জামানের ছেলে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুজন যাত্রীবেশী দুর্বৃত্ত রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের কামারগাড়ি এলাকায় বাণিজ্যমেলার সামনে থেকে ঘোড়াধাপ বাজারে যাওয়ার জন্য মিঠু মিয়ার ব্যাটারিচালিত রিকশা ভাড়া করে। রাত ১১টার দিকে বগুড়া-নামুজা সড়কে ঘেড়াধাপ বাজারের কাছে পৌঁছলে তারা চলন্ত রিকশায় চালক মিঠুমিয়াকে পিছন থেকে ছুরিকাঘাত করে। এতে মিঠু মিয়া রাস্তায় পড়ে গেলে তার রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। মিঠু মিয়ার চিৎকারে ওই পথে যাতায়াতকারী লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা মাঠের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মিঠু মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বগুড়া সদর থানার এসআই শাজাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশে রিকশাচালককে ছুরিকাঘাত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।