
উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালের মাঠে এক গোলে পিছিয়ে ছিল লিভারপুল। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ আনফিল্ডে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশ ক্লাবটি। জ্বলে উঠেছেন ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা। ফিরতি লেগে ভিয়ারিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। তাই দুই লেগ মিলে স্প্যানিশ দলটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালের খেলা নিশ্চিত করেছে লিভারপুল।
দ্বিতীয় লেগে নিজেদের ফিরে পাওয়ার ম্যাচে লিভারপুলের শুরুটা হয় আত্মঘাতী গোলে! মাত্র ৭ মিনিটে স্বাগতিক দলের খেলোয়াড়রা আক্রমণ শানান। এই আক্রমণ রুখে দেয়ার চেষ্টা করেছিলেন ভিয়ারিয়ালের খেলোয়াড় ব্রুনো। কই আর রুখতে পারলেন? উল্টো নিজেদের জালে বল জড়িয়ে মাথায় হাত রাখলেন ব্রুনো।

এই ধাক্কা সামলে উঠতে পারেনি সফরকারীরা। এরপর দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল হজম করেছে তারা। ম্যাচের ৬৩ মিনিটে দুর্দান্ত এক গোল করেন লিভারপুলের ইংলিশ স্ট্রাইকার দানিয়েল স্টারিজ।
খেলার ৮১ মিনিটে ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দারুণ ফর্মে থাকা অ্যাডাম লালানা। আর তাতে আগামী ১৮ মে সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠ্যেয় স্বপ্নের ফাইনালের টিকিট নিশ্চিত হয় লিভারপুলের।