
সুন্দরবনে র্যাবের সঙ্গে বনডাকাতদের ‘বন্দুকযুদ্ধে’ আলম বাহিনীর প্রধান আলম (৩৫) নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের ব্যবহৃত দেশি-বিদেশি ১২টি আগ্নেয়াস্ত্র ও পাঁচ শতাধিক গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মৃগমারী খাল এলাকায় এ কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, সুন্দরবনে জেলে অপহরণের খবর পেয়ে র্যাব নিয়মিত টহলের পাশাপাশি সকালে একটি বিশেষ দল জেলে উদ্ধার অভিযানে যায়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চাঁদপাই রেঞ্জের মৃগমারী খাল এলাকায় পৌঁছলে বনডাকাত আলম বাহিনীর সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গুলিবিনিময়ের এক পর্যায়ে বনডাকাতরা বনের গহীনে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ১ জনের গুলিবিদ্ধ লাশ, ১২টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫ শতাধিক বিভিন্ন ধরনের গুলি, কার্টুন ও বিপুল পরিমাণ রসদসামগ্রী উদ্ধার করা হয়।
স্থানীয় মাছ জেলেদের মাধ্যমে নিহতকে আলম বাহিনীর প্রধান আলম বলে সনাক্ত করে। এই বাহিনী সুন্দরবন ও সাগরের উপর নির্ভরশীল মানুষদের অপহরণ করে মুক্তিপণ আদায় করার অসংখ্য অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়।