
কুমিল্লায় চাঞ্চল্যকর তনু হত্যার রহস্য উন্মোচনে সিআইডির জিজ্ঞাসাবাদ চলছে। রোববার সিআইডির তদন্ত দল জিজ্ঞাসাবাদ করেছে সেই যুবক পেয়ার আহমেদকে (২২)। তনু খুন হওয়ার পর তার খালাতো বোন লাইজু জানিয়েছিলেন, তনুদের প্রতিবেশী এই পেয়ার তনুকে মাঝে মাঝে উত্ত্যক্ত করত। পেয়ার আহমেদ অনারারি লেফটেন্যান্ট শেখ পারভেজ আহমেদের ছেলে। এর আগে তাকে পুলিশ ও ডিবির কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করেছেন। এ ছাড়া তনুর মরদেহ উদ্ধারের পর কুমিল্লা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের যে চিকিৎসকের উপস্থিতিতে সুরতহাল সম্পন্ন হয় রোববার তার বক্তব্যও নিয়েছেন সিআইডির কর্মকর্তারা।
তদন্তের সর্বশেষ অবসস্থা জানতে চাইলে সিআইডির সিনিয়র এএসপি জালাল উদ্দিন আহমেদ বলেন, মাঠে তদন্ত চলছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।
এদিকে, রোববার তনুর মরদেহের ভিসেরা রিপোর্ট এসে পৌঁছেছে। যদিও ভিসেরা রিপোর্ট নিয়ে মুখ খুলতে রাজি হননি ময়নাতদন্তের দায়িত্বে থাকা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. কে পি সাহা।
অন্যদিকে, কুমিল্লায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে তনুর ছোট ভাইয়ের বন্ধু সোহাগের (২১) নিখোঁজ হওয়ার বিষয়টি। সোহাগ কোথায় আছে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সংস্থাই জানাতে পারছে না। যদিও তার পরিবার জানিয়েছে, তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েই তুলে নেওয়া হয়।
এ ছাড়া তনু হত্যার বিচার চেয়ে রোববার সন্ধ্যায় টিআইবির ইয়েস সদস্যরা কুমিল্লা শহরে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছেন।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সোহাগী জাহান তনু গত ২০ মার্চ খুন হওয়ার পর থেকে প্রতিবাদের ঝড় বইছে সারাদেশে। আদালতের নির্দেশে লাশ পুনরায় তুলে ময়নাতদন্ত হয়েছে।