
পিটার মুরের মতোই শহীদ আফ্রিদি-মিসবাহ উল হকদের ‘না’ করে দিলেন স্টুয়ার্ট ল। মাশরাফি বিন মুর্তজাদের সাবেক কোচ পাকিস্তানের কোচ হতে রাজি নন। ফলে, দলটির সাবেক কোচ ওয়াকার ইউনুসের স্থলাভিষিক্ত খুঁজতে নতুন করে ভাবতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘হ্যা, স্টুয়ার্ট ল’কে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে বাঁধা রয়েছে। তিনি আমাদের প্রথম পছন্দ ছিলেন।’
এই মুহূর্তে অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করছেন ল। আসছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলংকা সফরে দলের সঙ্গেই থাকবেন তিনি। নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তান দলের অস্ট্রেলিয়া সফর করার কথা রয়েছে। কিন্তু ওই সময়েও আজহার খানদের দায়িত্ব নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ ও অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই উপদেষ্টা।
এদিকে, ল’কে না পাওয়ায় বিকল্প খুঁজছে পিসিবি। সাবেক ব্ল্যাক ক্যাপস কোচ অ্যান্ডি মোলস এবং সাবেক অজি ব্যাটসম্যান ডিন জোন্সের ব্যাপারেও আগ্রহ রয়েছে দেশটির সর্বোচ্চ ক্রিকেট বোর্ডের। এখন এই দুজনের সঙ্গেই চলছে আলোচনা।