
অপহরণের ৩ ঘণ্টা পর জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ মনোয়ার হোসেনকে উদ্ধার করেছে র্যাব।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত জানান, সোমবার বিকেলে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
মেজর হাসান আরাফাত জানান, কালাই থেকে সিএনজি অটোরিকশাযোগে জয়পুরহাটে আসার পথে বানিয়াপাড়া নামক এলাকায় ৪-৫ জনের একটি দল গতিরোধ করে মনোয়ারকে অপহরণ করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব সদস্যরা মনোয়ারকে উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক রাজ্জাক পালিয়ে গেলেও তার স্ত্রী নূরী আক্তারসহ ইসমাঈল হোসেন ও মাহবুবুর রহমান নামে তিনজনকে আটক করে র্যাব সদস্যরা।
তবে ঠিক কী কারণে অপহরন করা হয়েছিল, এ বিষয়ে কিছু বলতে পারেনি র্যাব কর্মকর্তা।