
সিরাজগঞ্জের কাজীপুরে কঠোর শ্রম ও ব্যয়ে উৎপাদিত মুলা বাজারে বিক্রি করতে না পেরে বাজারেই ঢেলে রেখে যাচ্ছেন ক্ষুব্ধ চাষিরা। সোনামুখী, ঢেকুরিয়া ও মেঘাই বাজারে মুলা বিক্রি করতে আসা চাষিদের মাঝে দেখা গেছে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
সরেজমিনে চাষিদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিন আগেও প্রতি কেজি মুলা ৩০/৪০ টাকায় বিক্রি হলেও এখন বাজারে দাম নেই বললেই চলে। বর্তমানে উৎপাদিত মুলা বিক্রি করে লাভ তো দূরের কথা সার-কীটনাশকের দামও উঠেছে না। ফলে চাষিরা ক্ষুব্ধ হয়ে বাজারেই ফেলে যাচ্ছেন কষ্টার্জিত খেতের ফসল মুলা।
সোনামুখী ও মেঘাই বাজারে মূলা বিক্রি করতে আসা চাষি আব্দুস সবুর ও আবেদ আলী বলেন, বর্তমানে বাজারে মূলা প্রতি কেজি ৫ টাকা থেকে ৭ টাকা এবং পেঁপে প্রতি কেজি ৫ থেকে ৭ টাকা দরে বিক্রি হচ্ছে। মজুরের মজুরি, বীজ, সার ও অন্যান্য ব্যয় মিটিয়ে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জহুির উদ্দিন নামে অপর এক চাষি অভিযোগ করে বলেন, সবজির দাম বেশি হলে প্রশাসন বাজারে অভিযান চালায়। কিন্তু এখন মুলা ও পেঁপের দাম নেই, এখন তারা চাষিদের জন্য কী করবেন?
এ বছর অনুকূল আবহাওয়ার কারণে শীতকালীন সবজির ভালো ফলন হওয়ায় মূলা ও পেঁপের চাহিদা ক্রেতাদের মাঝে নেই বললেই চলে। স্বাভাবিকভাবেই পাইকারি ও খুচরা বাজারে এর বড়ো প্রভাব পড়েছে বলে মত প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল। #