
ঢাকা জেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) পৃথক দুটি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ও ৭ বোতল ফেয়ারডিলসহ ৬ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, প্রথম অভিযানে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকা থেকে নাহিদ, শাকিল ও আল আমিনকে গ্রেফতার করা হয়। তাদের তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
অন্যদিকে, ডিবির অপর একটি দল সাভারের সিঅ্যান্ডবি এলাকায় পৃথক অভিযান চালায়। সেখান থেকে ২১ হাজার টাকা মূল্যের ৭ বোতল ফেয়ারডিলসহ রতন, জুয়েল ইসলাম ওরফে নিলয় এবং আবুল কালাম গাজী ওরফে নয়ন নামের তিন মাদক কারবারিকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে জুয়েল ইসলাম ওরফে নিলয়ের বিরুদ্ধে পূর্বের দুটি মাদক মামলা এবং একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।