
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
এ ঘটনায় বাড়ির মালিক শামছুল হকের ছেলে সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উজান বোচাগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসান।
অভিযানে সুজন মিয়ার বাড়িতে মজুত করে রাখা ৪৭ বস্তা সার উদ্ধার করে জব্দ করা হয়।
অভিযানের সময় সার মজুতের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধতার বিষয়টি যাচাই করা হয়। পরে বাড়ির মালিক শামছুল হকের ছেলে সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত সার কৃষকদের মাঝে সঠিক মূল্যে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলে জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।