শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

জ্বালানির কর কমাতে সম্মত জার্মান সরকার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 11:22 am, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় চাপে থাকা জার্মানিতে যানবাহনের জ্বালানির ওপর কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির জোট সরকার।

শুক্রবার সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

সরকারের প্রস্তাবিত এই কর ছাড় চলতি বছরের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর জ্বালানি বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছে সরকারি সূত্র।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিতে জ্বালানির দাম দ্রুত বাড়ছে।

গত ছয় মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে। এর মধ্যে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত অবরোধ করে উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেল রপ্তানি সীমিত করে দিয়েছে।

পরিস্থিতি আরও জটিল হয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা বিকল্প তেল রপ্তানি পথ বাব আল-মান্দাব প্রণালিতে হামলা চালানোয়।

শুক্রবার প্রকাশিত ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো অন্তত দুটি ইউরোপীয় তেল শোধনাগারকে জানিয়েছে, আগামী মাসে তারা আরামকোর কাছ থেকে তেলের চালান পাবে না।

জার্মানির অজনপ্রিয় চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস মঙ্গলবার দেশটির মোটরযান ব্যবহারকারীদের জন্য ‘শিগগিরই’ সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে জ্বালানির দাম কমাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছেন।

এদিকে রাজনৈতিক চাপের মুখেও রয়েছেন মের্ৎস। দুই সপ্তাহ আগে জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে উগ্র ডানপন্থী দল এএফডি তার মধ্য-ডানপন্থী দল সিডিইউকে বড় ব্যবধানে হারিয়েছে।

রোববার জার্মানির আরও দুটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে আরও খারাপ ফল হলে রাজনৈতিকভাবে চাপে থাকা মের্ৎসের জন্য তা বড় ধাক্কা হয়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com