
ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ ইকবাল হোসেন রাজবাড়ী জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শনসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
গত ১২ সেপ্টেম্বর রাজবাড়ী জেলায় আগমন করেন ডিআইজি মোঃ ইকবাল হোসেন। রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছালে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম (সেবা) তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি মোঃ ইকবাল হোসেনকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি মাস্টার প্যারেডের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।
প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামসুল হক। প্যারেড পরিদর্শনকালে ডিআইজি মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা ও পোশাকের মান মূল্যায়ন করেন এবং ভালো পারফরম্যান্সের জন্য সদস্যদের পুরস্কৃত করেন।
প্যারেড শেষে ডিআইজি রাজবাড়ী পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং পুলিশ লাইন্স কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় রাজবাড়ী জেলা পুলিশের অফিসার ও ফোর্সের পক্ষ থেকে জেলায় আগমন উপলক্ষে ডিআইজিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এরপর ডিআইজি ঢাকা রেঞ্জ রাজবাড়ী জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।
দুপুরে পুলিশ ফোর্স মেসে আয়োজিত প্রীতিভোজে অফিসার ও ফোর্সের সঙ্গে অংশ নেন ডিআইজি। সেখানে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন।
প্রীতিভোজ শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বিশেষ অপরাধ সভায় অংশ নেন তিনি। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের সামগ্রিক চিত্র এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সভায় ডিআইজি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।
পুলিশের জনবান্ধব কার্যক্রম জোরদার, সদস্যদের কল্যাণ নিশ্চিত এবং পেশাদারিত্বের মাধ্যমে জননিরাপত্তা আরও সুসংহত করতে রাজবাড়ী জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।