
সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৩ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য বাসস’কে নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি আব্দুল মোত্তাল্লিব সরকার। বৃহস্পতিবার ভোর রাতে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নাঈম মিয়া (২০), রাকিবুল ইসলাম (১৮), শেখ শাদিউল ইসলাম (২০)। তারা সবাই ঢাকা খিলগাও এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবককে আটক করে রেখেছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। এমন খবরে ডিবি পুলিশের একটি দল চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের আটক করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ দাবি করেন, গ্রেপ্তারের সময় ওই ৩ যুবকের কাছ থেকে ভুয়া সিআইডির অফিস আদেশ, দুটি ওয়াকিটকি, পুলিশের লোগোযুক্ত মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল সামগ্রী পাওয়া গেছে। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের প্রলোভনকে কেন্দ্র করে তারা নিজেদের সিআইডি সদস্য পরিচয় দেয়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা ইউপি চেয়ারম্যানকে জানায়। পরে ইউপি চেয়ারম্যান ওই ৩ যুবককে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে ডিবি পুলিশ তাদের আটক করে প্রতারণায় মামলায় গ্রেপ্তার দেখায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজউদ্দিন খন্দকার বাসস’কে বলেন, এ বিষয়ে থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।