মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:08 am, সোমবার, ১৫ জুন, ২০২৬

দেশের ১৩ জেলার ওপর দিয়ে আজ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি–বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঢাকাসহ আশপাশের এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৫টা ১১ মিনিটে।

অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com