শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার রাজবাড়ীর পাংশা পৌরসভায় কাদা-মাটির মধ্যে সড়ক নির্মাণের অভিযোগ রাজবাড়ীতে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ ঠিকাদারকে এলজিইডি কর্মকর্তার সতর্কবার্তা বালিয়াকান্দিতে দূনীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ ইইউ ও এসিইউ প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের বৈঠক খুবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের ইন্তেকাল

রাজবাড়ীতে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ ঠিকাদারকে এলজিইডি কর্মকর্তার সতর্কবার্তা

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 6:19 pm, বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি-ভীমনগর থেকে কামারখালী (এনএইচডব্লিউ) সংযোগ সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক চিঠি দিয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রায় ৩ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ সড়কটির উন্নয়ন কাজ চলমান রয়েছে। সম্প্রতি নির্মাণকাজে ব্যবহৃত ইট ও অন্যান্য সামগ্রীর মান নিয়ে স্থানীয়দের মধ্যে অভিযোগ ওঠে। অভিযোগের পর এলজিইডির কর্মকর্তারা নির্মাণস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনে ব্যবহৃত কিছু ইট ও নির্মাণসামগ্রীর মান নিয়ে আপত্তি পাওয়া গেলে গত ৭ জুন উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন এন্টারপ্রাইজকে একটি সতর্কতামূলক চিঠি প্রদান করা হয়। চিঠিতে নিম্নমানের সামগ্রী অপসারণ করে প্রকল্পের নির্ধারিত মান অনুযায়ী উপকরণ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিহারের জন্যও সতর্ক করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে সড়কের স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হবে এবং জনদুর্ভোগ বাড়বে। তারা নির্মাণকাজের সুষ্ঠু তদারকি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সরেজমিনে দেখা যায়, নির্মাণস্থলে ইট ও অন্যান্য উপকরণ ব্যবহার করে দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এ সময় কিছু ইটের মান নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দেয়।
এ বিষয়ে কাজের দায়িত্বে থাকা ঠিকাদার মো. মিঠু বলেন, আমাদের কিছু শ্রমিক ভুলবশত নিম্নমানের ইট নিয়ে এসেছিল। বিষয়টি জানার পর সেগুলো অপসারণ করা হয়েছে এবং বর্তমানে মানসম্মত ইট ব্যবহার করা হচ্ছে। রাস্তার ওপর সব সময় ধুলাবালি থাকায় অনেক সময় ইটের প্রকৃত মান বোঝা কঠিন হয়।
উপজেলা প্রকৌশলী রাহাত ফেরদৌস বলেন, কাজের মান নিয়ে অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করা হয়েছে। ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই নিম্নমানের কাজ গ্রহণ করা হবে না। প্রকল্পের নির্ধারিত মান বজায় রাখতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির মাধ্যমে প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন হবে এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com