সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

‘অ্যানিমেল’ সিনেমায় ববির চরিত্র নিয়ে যা বলেছিলেন বাবা ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : 11:48 am, রবিবার, ২৪ মে, ২০২৬

 

‘অ্যানিমেল’ সিনেমার বিপুল সাফল্য এবং এতে তার ভূমিকার জন্য বলিউড অভিনেতা ববি দেওল ছিলেন চর্চায়। এ সিনেমায় তার ভূমিকা মাত্র কয়েক মিনিটের হলেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রণবীর কাপুরকেও ছাপিয়ে গিয়েছিলেন।

ববি এ সিনেমায় খলঅভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে। কিন্তু বাবা ধর্মেন্দ্র তার অভিনয় নিয়ে সন্দিহান ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘অ্যানিমেল’ সিনেমায় তার ভূমিকার প্রভাব নিয়ে তার বাবা ধর্মেন্দ্র প্রথমে সন্দিহান ছিলেন।

মুচকি হেসে বাবার স্মৃতিচারণ করে ববি দেওল বলেন, বাবা আমাকে জিজ্ঞেস করতেন— তুমি কি খলনায়ক? তোমার ভূমিকাটা কী? তবে সিনেমাটি মুক্তি পাওয়ার পর এবং অনলাইন ও প্রেক্ষাগৃহে এটি যে বিপুল সাড়া পেয়েছিল, তাতে বাবা তার ছেলের সাফল্যে খুব গর্বিত হয়েছিলেন। তিনি বলেন, ‘ভালোবাসার এই জোয়ার দেখে তিনি খুব খুশি হয়েছিলেন।’

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে স্ক্রল করতে এবং ভক্ত-অনুরাগীদের প্রতিক্রিয়া পড়তে ভালোবাসতেন ধর্মেন্দ্র। ববি বলেন, বাবা আমাকে বলেছিলেন— লোকেরা তোমার জন্য পাগল হয়ে গেছে। আমি খুব খুশি যে তিনি আমার জীবনের এই পর্যায় দেখেছেন।

বছরের পর বছর সংগ্রামের পর বাবা-মাকে সুখী দেখতে পাওয়াটা তার প্রত্যাবর্তন যাত্রার অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল বলে জানিয়েছেন সময়ের আলোচিত অভিনেতা ববি দেওল।

তিনি বলেন, ‘অ্যানিমেল’ সিনেমার পর তিনি যে ভালোবাসা পেয়েছেন তা বিশেষ ছিল। কারণ এটি এসেছিল দীর্ঘ সময় ধরে চলা তার ক্যারিয়ারের নানা বাধার পর।

এ অভিনেতা বলেন, আমার কাছে আমার বাবা এমন একজন ছিলেন, যাকে গোটা বিশ্ব খুব ভালোবাসত। বাবা ছিলেন বিশেষ। তার মতো আর কেউ হতে পারবে না। তার মতো আর কেউ আসতেও পারবে না।

তিনি বলেন, আমি সবসময় সেই অনুভূতিটা পেতাম, কিন্তু যখন তিনি চলে গেলেন, শুধু আমরাই নই গোটা বিশ্ব ভীষণ দুঃখ আর কষ্ট পেয়েছিল। বাবা এমনই ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com