বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারে ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন : প্রধানমন্ত্রী খেলছে বৃষ্টি, ম্যাচ শুরু হতে দেরি মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা, শঙ্কায় আরো ৩ জেলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ঘোড়াঘাটে দাদীকে হত্যা: নাতিসহ গ্রেফতার ৩ নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশ ভালো বল করেছে : মাহেদি ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশ ভালো বল করেছে : মাহেদি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 2:10 pm, বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশ দল ভালো বল করেছে বলে মনে করেন টাইগারদের ডান-হাতি অফ-স্পিনার মাহেদি হাসান। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসে মাঝের ওভারগুলোতে বাংলাদেশ ভালো বল করায় প্রতিপক্ষ ২০ রান কম করেছে বলে জানান মাহেদি। পাশাপাশি সতীর্থ রিশাদ হোসেনের বোলিং পারফরমেন্সের প্রশংসা করেন মাহেদি। 

গত সোমবার চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ১১ রানে প্রথম উইকেট পতনের পর নিউজিল্যান্ডের হাল ধরেন দুই ব্যাটার কাটেন ক্লার্ক ও ডেন ক্লিভার। দ্বিতীয় উইকেটে ৫০ বলে ৮৮ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের বড় সংগ্রহের পথ তৈরি করেন তারা।

দশম ওভার থেকে নিউজিল্যান্ডের রানের লাগাম টেনে ধরেন বাংলাদেশের দুই স্পিনার রিশাদ ও মাহেদি। নিজের শেষ ৩ ওভারে ২৪ রানে ২ উইকেট নেন রিশাদ। অন্যদিকে নিজের শেষ ২ ওভারে ১১ রানে ১ উইকেট শিকার করেন মাহেদি। 

রিশাদ-মাহেদির দুর্দান্ত বোলিং পারফরমেন্সে ২শর কাছেও যেতে পারেনি নিউজিল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তুলে কিউইরা। নিজেদের বোলিংকে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ স্পিনার মাহেদি। 

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় মাহেদি বলেন, ‘চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটিং সহায়ক হয়।  এখানে বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকে, কঠিন পরিস্থিতি সামলাতে হয়। প্রথম ম্যাচ দেখলেই বোঝা যায়, আমরা বোলিং ইউনিট হিসেবে কতটা কঠিন সময় পার করেছি। পাশাপাশি নিউজিল্যান্ডও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুরুতে আমাদের কিছুটা লড়াই করতে হয়েছে। তবে ধীরে ধীরে আমরা ম্যাচে ফিরে এসেছি। রিশাদের ওভারগুলো খুব ভালো ছিল। শেষ দিকে আমি দুই ওভারে ভালো কামব্যাক করি। মিডল ওভারে এই দুই স্পেলে আমরা খুবই ভালো করেছি। যে কারনে নিউজিল্যান্ড আরও ২০ রান কম করেছে।’ 

নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশের বোলিং আক্রমণকে এগিয়ে রাখছেন মাহেদি। তিনি বলেন, ‘সব মিলিয়ে উইকেট যদি রিড করা যায়, তাহলে আমি বলব বোলিংয়ের দিক থেকে আমরা নিউজিল্যান্ডের চেয়ে ভালো করেছি। গত এক-দেড় বছরে স্পিনাররা ভালো পারফরমেন্স করেছে। বিদেশের মাটিতেও স্পিনাররা ভালো করেছে। রিশাদ, নাসুম, আমি বা যখনই যেই খেলছে, ভালো করছে। তাই আমার কাছে মনে হয়, স্পিনাররা সবসময় বড় ভূমিকা পালন করে।’ 

গত ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাহেদি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন তিনি। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে মানিয়ে নেওয়াটা কঠিন ছিল বলে জানান মাহেদি, ‘আমি পাঁচ মাস আগে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলাম। তাই প্রথম ম্যাচটা আমার জন্য একটু কঠিন ছিল। যত দ্রুত মানিয়ে নিতে পেরেছি, সেটাই আমার জন্য ভালো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com