ঢাকার নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকা থেকে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত তিনজনকে আটক করেছে নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের টহল দলের সদস্যরা। এ সময় উদ্ধার করা হয়েছে নগদ অর্থ ও মাদকদ্রব্য।
আটককৃক ব্যক্তিরা হচ্ছেন , এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯), সোহাগ বিশ্বাস (২৪) ও মহসিন মল্লিক (৩৬)।
সূত্র জানায়, পুরাতন বান্দুরা এলাকায় টহলের সময় স্থানীয় রেস্তোরাঁর পাশে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা সদস্যরা। এ সময় সেনা টহল দলকে দেখে তারা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়।
ক্যাম্পের সেনা সদস্যরা জানান, ওই রেস্তোরাঁ এলাকায় নিয়মিত ইয়াবা সরবরাহ করে আসছিল মাদক ব্যবসায়ী নাজমুল। সে সেনা টহল দলকে দেখে পার্শ্ববর্তী বাড়িতে লুকিয়ে গেট বন্ধ করে দেয়। সেনা টহল দল নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় মাদক ব্যবসায়ী নাজমুলকে আটকের চেষ্টায় বাড়িটি তল্লাশি করে। এসময় পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে তার বাসা থেকে আটক করে এবং তার কাছ থেকে মাদক বিক্রির সর্বমোট ৩৮ হাজার ৩’শ ২০ টাকা উদ্ধার করে। আটককৃত ব্যক্তিদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।