বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

দুর্নীতি বন্ধে সরকারি ব্যয় পর্যালোচনা করতে কমিশন গঠনের দাবি

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 4:48 pm, শনিবার, ২৯ জুন, ২০২৪

অসহনীয় দুর্নীতি বন্ধে একটি সরকারি ব্যয় পর্যালোচনা কমিশন গঠনের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, বাংলাদেশে বার্ষিক আয়কর ফাঁকির পরিমাণ প্রায় দুই লাখ ৯২ হাজার কোটি টাকা, যা দিয়ে মাথাপিছু স্বাস্থ্য বরাদ্দের চারগুণ বাড়ানো সম্ভব কিংবা কয়েকটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।
আজ শনিবার (২৯ জুন) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
ইক্যুইটিবিডি, বাংলাদেশ কৃষক ফেডারেশন, সিএসআরএল, এনডিএফ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, তৃণমূল উন্নয়ন সংস্থা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ইক্যুইটিবিডির চিফ মডারেটর রেজাউল করিম চৌধুরী।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের পরিচালক মো. আহসানুল করিম বাবর। এ সময় বক্তৃতা করেন কৃষক ফেডারেশনের এএসএম বদরুল আলম, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলী, ওয়াটারকিপার্স বাংলাদেশের ইকবাল ফারুক, এনডিএফের ইবনুল সৈয়দ রানা, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিজানুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিনামায় বলা হয়, দুর্নীতি বন্ধে একটি পাবলিক এক্সপেন্ডিচার রিভিউ কমিশন গঠন করতে হবে, বাংলাদেশের অর্থনীতি দুই প্রধান উদ্বেগ পুঁজি পাচার ও কালো টাকা বন্ধে একটি আন্তঃদেশীয় ব্যাংক স্বচ্ছতা চুক্তি চালু করতে হবে, দ্বৈত নাগরিকত্বের অধিকারী নাগরিকদের প্রতি বছর সম্পদ ও ব্যাংক বিবরণী জমা দিতে হবে, ঋণদাতা সংস্থার শর্ত হিসেবে জনসেবা খাতে ভর্তুকি হ্রাস করার পরিবর্তে সরকারকে অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক সরকারি ব্যয় বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে রেজাউল করিম চৌধুরী বলেন, সরকার যদি আয়কর ফাঁকি দেওয়া বন্ধ করতে পারে, যা বার্ষিক প্রায় দুই লাখ ৯২ হাজার কোটি টাকা বা ২৫ বিলিয়ন ডলার, সেই টাকা দিয়ে দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি দ্বিগুণ করা যায় বা মাথাপিছু স্বাস্থ্য বরাদ্দ চারগুণ বাড়ানো যেত।
তিনি সরকারি কর্মকর্তাদের বার্ষিক ভিত্তিতে সম্পদের বিবরণী দাখিল ও দুর্নীতি ধরা পড়লে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, জনগণের কল্যাণে বরাদ্দ সরকারের ভর্তুকি কমানো উচিত হবে না। বরং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান বাড়াতে পানি, স্বাস্থ্য ও বিদ্যুতের মতো জীবনরক্ষাকারী সেবায় আরো বেশি ভর্তুকি দিতে হবে। পুঁজি পাচার ও দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com